মিয়ানমারে আটক এনএলডি নেত্রী অং সান সু চি
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ০৮:১৫
মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি নেত্রী অং সান সু চি ও সরকারের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। কোনো কোনো সূত্র দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়েছে বলে খবর দিয়েছে।
সোমবার ( ১ ফেব্রুয়ারি) ভোররাতে সু চি’র পাশাপাশি মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরো কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তাকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী।
স্টেট কাউন্সিলরের পদে থাকা সু চি মূলত মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন এবং এতদিন দেশটির সর্বোচ্চ নেতার পদে অধিষ্টিত ছিলেন। তার নেতৃত্বাধীন বেসামরিক সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কে টানাপড়েনের জের ধরে তাকে গ্রেফতার করা হলো।
গত নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পায় এনএলডি। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলে। সোমবার নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও সেনাবাহিনী পার্লামেন্টের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
সংবাদদাতারা জানিয়েছেন, রাজধানী নাইপিতাউ এবং সাবেক রাজধানী ও সবচেয়ে বড় শহর ইয়াংগুনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।এনএলডি’র মুখপত্রা মিয়ো নিউন্ট টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দলের নেত্রী সুচি, প্রেসিডেন্ট উইট মিন্ট এবং অন্য নেতাদের সোমবার ভোররাতে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মিয়ানমারের জনগণকে এ ব্যাপারে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখিয়ে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

