বার্সার আর্থিক সমস্যার কারণ মহামারী
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৫:১৩
বার্সেলোনার আর্থিক সমস্যার সঙ্গে আর্জেন্টাইন তারকার বিশাল অঙ্কের চুক্তির কোনো সম্পর্ক দেখছেন না লা লিগা প্রধান হাভিয়ের তেবাস। তার দাবি, আর সব ক্লাবের মতো মহামারীর জন্য আর্থিক সমস্যায় পড়েছে বার্সেলোনা।
বার্সেলোনার আর্থিক দূরবস্থার কারণ মেসির চুক্তি, মুন্দোর প্রতিবেদনের সঙ্গে একমত নন তেবাস। সোমবার (১ ফেব্রুয়ারি) এক টুইটে করোনাভাইরাস পরিস্থিতিতে কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিলেন তিনি। গণমাধ্যমে চুক্তির তথ্য ফাঁসের পর থেকে চাপে থাকা লিওনেল মেসির পাশে দাঁড়িয়েছেন লা লিগা প্রধান।
টুইট বার্তায় তিনি লিখেছেন, “বার্সেলোনার নাজুক আর্থিক অবস্থা (অন্য বড় ক্লাবগুলো মতোই) মেসির জন্য নয় বরং কোভিড-১৯ এর মারাত্মক প্রভাবে। কোনো মহামারী না থাকলে ইতিহাসের সেরা খেলোয়াড়ের জন্য পাওয়া আয়ে এটা পুষিয়ে যাওয়ার কথা। কিছু গণমাধ্যম এই ব্যাপারটিতে যথাযথভাবে আচরণ করছে না”
২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন মেসি, যার মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। স্প্যানিশ পত্রিকা এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, চার বছর মেয়াদী এই চুক্তির মোট অঙ্ক প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো।
এর মানে, ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে ক্লাব থেকে মেসির আয় ১৩ কোটি ৮০ লাখ ইউরো। এর পুরোটা অবশ্য পাবেন না বার্সেলোনা অধিনায়ক।

