হাসপাতালে চিকিৎসাধীন ৪ ডেঙ্গু রোগী
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৭:৫০
২৪ ঘণ্টায় নতুন দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চারজন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুজন ঢাকায় ও দুজন রাজধানীর বাইরে ভর্তি আছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত এ আক্রান্তের খবর পাওয়া গেছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে এখন পর্যন্ত ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৩০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২০ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১২টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর নয়টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে সাতটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

