রাজধানীতে আনসার আল ইসলামের এক নারীসহ ৪ জঙ্গি গ্রেফতার
উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৯:২০
রাজধানীর পল্টন ও ভাটারা এবং শেরপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারীসহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. আব্দুল ওহাব ওরফে সিরাতুল মুস্তাকিম ওরফে হামজা বিন মুতালিব (৩০),মো. বেলাল হোসাইন ওরফে খোরশানের মুজাহিদ ওরফে খোরশানের কালো পতাকা বাহিনী (২২), মো. নাজমুল (১৭) ও ঝুমুর খাতুন ওরফে রোকাইয়া ওরফে হাজ্জাজ বিন মুতালিব (১৮)।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-৪ এর সিনিয়র এএসপি জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ জানুয়ারি র্যাব-৪ আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (৩১ জানুয়ারি) সারা দিন র্যাব-৪ এর একটি দল রাজধানীর পল্টন ও ভাটারা থানাসহ শেরপুর জেলায় অভিযান চালায়। এই অভিযানে নিষিদ্ধ সংগঠনটির এক নারীসহ চার জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদেরকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১টি উগ্রবাদী বই,২১টি লিফলেট, ১৬৭টি জঙ্গিবাদী কথোপকথনের প্রমাণাদি জব্দ করা হয়।

