চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত ২ বোন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১০:২০
পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই বোন আহত হয়েছে। আহত শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদরপুর মহল্লার আশরাফুল হকের মেয়ে মহরিম আক্তার মায়া (১১) ও মারিয়া (৩)।
সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরে বিদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন গণমাধ্যমকে জানান, বিকালে শিশুরা পৌরসভার বিদরপুর মহল্লায় বাড়ির সামনে খেলা করছিল। সন্ধ্যায় পরিত্যক্ত জায়গায় একটি কৌটা দেখতে পেয়ে তা নিয়ে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়। এ সময় দুই বোন আহত হয়। বিস্ফোরিত ককটেলটি ঘটনাস্থলে কীভাবে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আহত দুই বোনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বড় বোনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

