ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর

ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন ৭৪ হাজার মানুষ: স্বাস্থ্য অধিদপ্তর

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:১৬

৭৪ হাজার মানুষ টিকা নিতে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। তিনি বলেন, ‘করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে শুরুতে বিভিন্ন আলোচনা-সমালোচনা, ভয়-আশঙ্কা ও গুজব ছড়ালেও, পর্যায়ক্রমে টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত ৭৪ হাজার মানুষ টিকা নিতে নিবন্ধিত হয়েছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভা ও বিভিন্ন হাসপাতালে পরিচালকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, ‘টিকার জন্য নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। ৫ ফেব্রুয়ারির পরেও নিবন্ধন কাজ চলমান থাকবে। এছাড়া সারা দেশের গ্রাম-গঞ্জে ভ্যাকসিন নিবন্ধনের জন্য মাইকিং, জনপ্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।’

এছাড়া অধিদপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যমন্ত্রী আগামী ৭ ফেব্রুয়ারি টিকা কার্যক্রমের প্রথম দিনই টিকা গ্রহণ করবেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় ৪ ফেব্রুয়ারি ‘সুরক্ষা অ্যাপ’ প্লে-স্টোরে চলে আসবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading