এবার চট্টগ্রাম-দোহাজারী লাইনে যুক্ত হচ্ছে ডেমু ট্রেন
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:২৫
বহুল কাঙ্ক্ষিত ডেমু ট্রেন যুক্ত হচ্ছে চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে। আগামী শনিবার পটিয়ায় এ ডেমু ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
ডেমু ট্রেন উদ্বোধনে মধ্যে দিয়ে প্রয়াত স্থানীয় সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। দ্বিতীয় ট্রিপে বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
তিনি জানান, এছাড়া চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত নতুন একটি ডেমু ট্রেন চালুর কথা রয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া এই লাইনে দোহাজারীগামী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেন চলাচল করে।

