সরকারে পরিবারের অনৈতিক হস্তক্ষেপ থাকবে না: বাইডেন

সরকারে পরিবারের অনৈতিক হস্তক্ষেপ থাকবে না: বাইডেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৪৫

সরকারি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের অনৈতিক হস্তক্ষেপ এড়াতে পুরোনো ওবামা-বাইডেন প্রশাসনের মতো করে নতুন সরকার পরিচালনার কথা জানিয়েছেন সদ্য ক্ষমতা নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পরিবারের কোনো সদস্য সরকারি সিদ্ধান্তে ভূমিকা রাখবে না।

বুধবার (৩ ফেব্রুয়ারি) পিপল ম্যাগাজিনে প্রকাশিত বাইডেনের সাক্ষাৎকারে এ কথা জানা যায়।

বাইডেন বলেন, ‘আমাদের পরিবারের কেউ-ই সরকারের কোনো উদ্যোগ বা পররাষ্ট্র নীতির সঙ্গে সংশ্লিষ্ট হবেন না। এখানে কারো কাজ নেই। কেবল আত্মীয়দের সঙ্গে তারা দেখা করতে আসতে পারবেন।’

অভিযোগ রয়েছে, নিজের ব্যবসায়িক স্বার্থে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজকে ব্যবহার করতেন। এবার অবশ্য হোয়াইট হাউজ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, বাইডেন কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে তার নাম ব্যবহারের অনুমতি দেননি।

পদের অপব্যবহার করে ব্যক্তিগতভাবে সুবিধা নিতে প্রেসিডেন্ট রাজি নন বলে তার অবস্থান পরিষ্কার করেন বাইডেন। তিনি বলেন, ‘আমার মনে আছে কয়েক বছর আগে একজন অফিশিয়াল বলেছিলেন, আপনি নিজের বাড়িতে বা গাড়িতে যে জ্বালানি ব্যবহার করেন তার খরচের কিছু অংশ সিনেট থেকে নিতে পারবেন। আমি তখন না করে দিয়েছিলাম।’

এদিকে বাইডেনের ছোট ভাই ফ্রাঙ্ক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে একটি বিজ্ঞাপন ছেপেছিলেন। হোয়াইট হাউজ গত বৃহস্পতিবার জানায়, নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায় প্রেসিডেন্টের সংশ্লিষ্টতার কথা কোথাও বলা হয়নি। ফ্রাঙ্কের বিজ্ঞাপনের ব্যাপারে হোয়াইট হাউজ সরাসরি মন্তব্য না করলেও, বাইডেন তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় কাজে সংশ্লিষ্ট না থাকার বিষয়টি পরিষ্কার করলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading