এশিয়া কাপ জয়ী ক্রিকেটার লিলির সংবাদ সম্মেলন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:৪৫
হয়রানি, মিথ্যা মামলা ও মন্দিরের জায়গা দখলের মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাস।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। এতে এলাকার হিন্দু-মুসলিম উভয় ধর্মের লোকজনই সহযোগিতা করে আসছেন। এছাড়া মন্দিরটি উন্নয়নের স্বার্থে আমি কাজ করছি।
‘সম্প্রতি মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস মন্দিরের পাশে বাড়ি করার পর থেকে মন্দিরের জায়গা দখলের পায়তারা শুরু করেন। জমি দখলে বাঁধা দিলে তিনি আমার নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন। মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানী বন্ধসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও মন্দিরের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’’

