কাঁটাবনে একুশে বই উৎসব
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:২০
সপ্তাহব্যাপী একুশে বই উৎসব-২০২১ শুরু হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কাঁটাবনে বইয়ের মার্কেট কনকর্ড চত্বরে চলছে এই উৎসব। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
উৎসব কমিটির আহ্বায়ক ও সমগ্র প্রকাশনার স্বত্বাধিকারী শওকত আলী তারা বলেন, ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি আয়োজিক বই মেলা হচ্ছে না। বিষয়টি জানার পর আমরা কনকর্ড মার্কেটের পুস্তক ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিই স্বল্প পরিসরে সপ্তাহব্যাপী বই উৎসব করবো। এই মার্কেটে বর্তমানে প্রকাশক আছেন ৪৫জন। তাদের মধ্যে ৪২ জন এই উৎসবে যুক্ত আছেন।
তিনি বলেন, অমর একুশে বইমেলা ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমির আদলে আমরা এই উৎসবের আয়োজন করেছি। প্রতিদিন কবিতা পাঠ, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বই বিক্রি আসল না, ফেব্রুয়ারি মাস বলে আমরা এই উৎসব প্রতিকী অর্থে করছি।
বই উৎসবে ৪২টি স্টলে পুরানো বইয়ের পাশাপাশি প্রায় ২ শতাধিক নতুন বইও এসেছে বলে জানিয়েছেন আবিষ্কার প্রকাশনীর কর্ণধার দেলোয়ার হাসান।

