ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছেন দেড় লাখ মানুষ: স্বাস্থ‌্যমন্ত্রী

ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছেন দেড় লাখ মানুষ: স্বাস্থ‌্যমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:৫৫

করোনা ভ্যাকসিন নিয়ে গুজবে মানুষ বিভ্রান্ত হচ্ছেন না বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ‌্যাকসিন নেওয়ার বিষয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত করোনা সুরক্ষা অ্যাপে দেড় লাখ মানুষ টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘দেশের কিছু মানুষ ও বিদেশে থাকা কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো কিছুতে না পেরে শেষমেষ করোনা ভ্যাকসিন নিয়ে তারা একদিকে দেশে থেকে ষড়যন্ত্র করছে, অন‌্যদিকে বিদেশি টিভি চ্যানেল ব্যবহার করে মিথ্যা তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই শক্তিকে আর দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না।’

বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্যান্সার বৃদ্ধি পাওয়ায় দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সরকার দেশের আটটি বিভাগে বৃহৎ ক্যান্সার হাসপাতাল নির্মাণ করছে। এ কাজ সম্পন্ন হলে মানুষকে আর ঢাকা বা দেশের বাইরে গিয়ে ক্যান্সারের চিকিৎসা নিতে হবে না।’

তিনি বলেন, ‘ক্যান্সারে সারা বিশ্বে প্রতি মিনিটে ১৭ জন মানুষ মারা যাচ্ছেন। দিন দিন ক্যান্সার ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তামাকজাত দ্রব্য ও ভেজাল খাদ্র গ্রহণ এবং শারীরিক ব্যায়াম না করায় মানুষের দেহে ক্যান্সার বাড়ছে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading