দুই বাসের রেষারেষি: নারায়ণগঞ্জে ৩ পথচারীর মৃত্যু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:৪৬
দুই বাসের রেষারেষিতে নারায়ণগঞ্জে তিন পথচারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজিব সরকার (২৮)।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের সামনে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক পরিবহনের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

