খেলাই পারে তরুণদের মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে: মাশরাফি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৩৬
‘খেলাই পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে।’ বলেছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া খেলার মাঠে ‘আয়শা-সামী ক্রিকেট টুর্নামেন্ট’ নামে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মাশরাফি বলেন, ‘স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন খেলার প্রতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
এসময় সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না। ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে।’
আয়োজকদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যান। নিয়মিত ক্রিকেট চর্চা করুন।’ এ কাজে কোনো সাহায্য প্রয়োজন হয় তিনি তা করবেন বলে আশ্বাস দেন তিনি।

