টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে: নিহত ১, আহত ৪
উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:০০
বাস-ট্রাকের সংঘর্ষে টাঙ্গাইলে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হন আরও চার জন। দুর্ঘটনায় নিহত আব্দুল খালেকের (৫০) বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামে বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম।
তিনি বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ধানের তুষ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। এ ঘটনায় বাসের চার যাত্রী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।’

