যারা সমালোচনা করেছেন তারাই আগেভাগে ভ্যাকসিন নিচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৪৫
করোনা ভ্যাকসিন নিয়ে যারা বেশি বেশি সমালোচনা করেছেন এখন তারাই আগেভাগে ভ্যাকসিন নিচ্ছেন বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘এই ভ্যাকসিন প্রমাণ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব কতখানি দূরদর্শী সম্পন্ন। এই ভ্যাকসিন নিয়ে যারা বেশি বেশি সমালোচনা করেছে এখন তারাই আগেভাগে নিচ্ছে। এটিই সরকারের সফলতা, কষ্টের স্বীকৃতি’।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপ উদ্বোধন শেষে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারদের টিকা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
‘সুরক্ষা অ্যাপ’ উদ্বোধনের ফলে চলমান ভ্যাকসিন কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেল উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন প্রদান কার্যক্রমে দেশের সুনাম এখন সর্বত্র। দেশে বর্তমানে ১০০৬টি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম অত্যন্ত সু-শৃঙ্খলভাবে চলমান রয়েছে। এই ভ্যাকসিন এখন দেশের সাধারণ থেকে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও তাঁদের পরিবারবর্গও দিচ্ছেন।

