বিএনপির ১৪৪ নেতাকর্মীর জামিন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২২:১৫
বিএনপির ঢাকা ও রাজশাহীর ১৪৪ জন নেতাকর্মীকে পৃথক ছয়টি মামলায় আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়াদের মধ্যে ঢাকার তিন মামলায় বিএনপির ৭৪ নেতাকর্মীকে ২১ মার্চ পর্যন্ত এবং রাজশাহীর তিন মামলায় ৭০ নেতাকর্মীকে চার সপ্তাহের জামিন দেওয়া হয়েছে বলে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানিয়েছেন।
জামিনের মেয়াদ শেষে তাদের সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

