হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘সন্দেশ’ আনল ইন্ডিয়া
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৪৫
হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতি নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যেই ‘সন্দেশ’ নামে হোয়াটসঅ্যাপের মতোই তাৎক্ষণিক বার্তা প্রেরণের একটি অ্যাপ উন্মোচন করেছে ইন্ডিয়া। দেশটির ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার (এনআইসি) ‘সন্দেশ’ অ্যাপটি তৈরি করেছে। তবে আপাতত কেবলমাত্র সরকারী কর্মচারীদেরই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার অনুমতি দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘ডাউনলোড করার জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরে দেয়া হয়নি। এটি ডাউনলোড করতে ইন্ডিয়ার সরকারী কর্মীদের তাদের পরিচয়পত্র ব্যবহার করে এনআইসি পোর্টালে প্রবেশ করতে হবে।’
তিনি জানান, আইফোন ব্যবহার করে সরকারী কর্মচারীরা অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে লগইনের জন্য সেখানেও প্রয়োজন হবে সরকারী আইডির।
‘সন্দেশ’ অ্যাপেও রয়েছে হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন বৈশিষ্ট্য যেমন- এন্ড-টু-এন্ড এনক্রিপশন, অডিও এবং ভিডিও কল এবং বিভিন্ন ফাইল আদান প্রদানের সুবিধা।
ওই কর্মকর্তা জানান, ‘এটি (সন্দেশ অ্যপা) পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে অ্যাপটি শিগগিরই জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।’
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ফেসবুকের সাথে ব্যবহারকারীদের তথ্য ভাগ করে নেয়ার বিষয়ে হোয়াটসঅ্যাপ তার নতুন নীতি ঘোষণা করলে, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো অ্যাপগুলোতে স্থানান্তর হতে শুরু করে ইন্ডিয়ানরা। সিগন্যাল এবং টেলিগ্রাম উভয়ই তাদের পরিষেবার অংশ হিসাবে অত্যাধুনিক ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ থাকার দাবি করেছে এবং বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে।

