ইরানের সঙ্গে আলোচনায় রাজি আমেরিকাসহ ৪ দেশ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৩০
ইরানকে পরমাণু চুক্তিতে ফেরাতে আলোচনায় বসতে আগ্রহের কথা জানিয়েছে আমেরিকা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিবৃতিতে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘কথা বলতে প্রস্তুত’ বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ইউরোপের ৩ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের ভিডিও বৈঠক শেষে এ বিবৃতি আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের হওয়া ওই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তিতে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে লাগাম টানার শর্তে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমেরিকার আগের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তিন বছর আগে চুক্তিটি থেকে ওয়াশিংটনকে বের করে আনেন এবং ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। পরে তেহরানও চুক্তিতে তার জন্য রাখা শর্তের লংঘন শুরু করে।

