ই-জেনারেশনের লেনদেন শুরু ২৩ ফেব্রুয়ারি
উত্তরদক্ষিণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:৫১
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেন।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। লেনদেনের কোড হবে ‘EGEN’। কোম্পানি কোড হবে ২২৬৫২।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি ইজেনারেশনের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানিটির ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নির্ধারিত শেয়ারের বিপরীতে প্রায় ৪০ দশমিক ৭৬ গুণ আবেদন জমা পড়ে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল ইজেনারেশনের। কিন্তু মোট আবেদন জমা পড়ে ৬১১ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকার। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৬৫ কোটি ৬০ লাখ টাকা, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ১৬ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকা ও মিউচ্যুয়াল ফান্ড ব্যতীত অন্য যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৭২ কোটি ৯ লাখ টাকার আবেদন জমা পড়ে।
গত ১২-১৮ জানুয়ারি ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির মাধ্যমে ইজেনারেশনের সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ চলে। ২০২০ সালের ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদনে অনুমোদন দেয়া হয়। এই আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা দরে দেড় কোটি সাধারণ শেয়ার ইস্যু করেছে কোম্পানিটি।
আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে ইজেনারেশন তাদের অফিসের জন্য বাণিজ্যিক স্পেস ক্রয়, ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন ও আইপিওর ব্যয় নির্বাহ করবে।

