২১ ফেব্রুয়ারিতে বিশৃঙ্খলা তৈরি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:১০
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান আছে। তারপরও কেউ বিশৃঙ্খলা তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জুম বাংলাদেশ স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, ‘পথশিশুরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার এমনকি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাদের জীবনমান, লেখাপড়া থেকে সব ধরনের সহযোগিতা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মনে রাখতে হবে, তারাও সমাজের একটি অংশ। সরকার সেভাবেই পথশিশুদের গুরুত্ব দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে।’
নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রতি বছরের মতো এবারও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’

