দেশের হয়ে সুযোগ হলে আইপিএল নয়: মোস্তাফিজ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৫০
চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলে ডাক পেলে ২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালস এর হয়ে খেলবেন না দেশবরেণ্য পেসার মোস্তাফিজুর রহমান। গতকাল পর্যন্ত এই নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন বাঁহাতি এই পেসার। বলেছিলেন, এবারের আইপিএলে খেলবেন কিনা তা জানাতে আরও চার-পাঁচ দিন সময় নেবেন। একদিন পরই মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্পষ্ট করেই বললেন, দেশের হয়ে সুযোগ হলে আইপিএল নয়। আর যদি সুযোগ না মেলে তাহলে রাজস্থান রয়্যালস এর জার্সি গায়ে চাপাবেন।
তিনি বলেছেন, ‘আমার কাছে দেশ আগে। আমাকে যদি শ্রীলঙ্কা সিরিজে দলে রাখা হয় তাহলে অবশ্যই আমি দেশের হয়ে খেলবো। আর যদি না রাখে তাহলে তো আর কিছু করার নেই আইপিএলে খেলতে হবে।’
আইপিএল’র ১৪তম আসরের সদ্য সমাপ্ত নিলামে ভিত্তি মূল্য এক কোটি রুপিতে মুস্তাফিজ যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
অবশ্য দেশের প্রতি মোস্তাফিজের নিবেদন নতুন কোনো বিষয় নয়। এইতো গেল বছর আইপিএল’র ১৩তম আসরে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ডাকেও সাড়া দেননি ‘দ্য ফিজ’।

