রুটিন অনুযায়ী ৭ কলেজের পরীক্ষা চলবে
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আজ বুধবারের (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষার সময় পরে জানানো হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালও গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলবে এবং ক্যাম্পাস খুলবে ২৪ মে।
শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরে সাত কলেজ কর্তৃপক্ষও মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আগের রুটিন অনুযায়ীই পরীক্ষা চালিয়ে নেওয়ার দাবি জানান। এরপর বুধবার রাজধানীর শাহবাগ ও নীলক্ষেত এবং মহাখালী ওয়্যারলেস এলাকায় তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, বুধবার বিকেলেই বৈঠক করে সাত কলেজের চলমান পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগেই এই সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক কামাল বলেন, ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল (মঙ্গলবার) ও আজকের (বুধবার) পরীক্ষাগুলোর তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হলেও হঠাৎ রুটিন দিয়ে শুরু হয় সাত কলেজের বিভিন্ন সেশনের পরীক্ষা। সাত কলেজের ২০১৬-১৭ সেশনের চলমান সমাপনী পরীক্ষার চারটি বিষয় ও ১৫-১৬ সেশনের মাত্র একটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে।

