ইসলামী শরিয়াহ মেনে সবাইকে জানিয়ে বিয়ে করেছি: নাসির
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৩০
জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন এর আগে একাধিক সংবাদ সম্মেলন সামলে নিলেও প্রথমবার ভিন্ন কিছুর অভিজ্ঞতা হল। কারণ সদ্যবিবাহিতা স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করতে একপ্রকার বাধ্য হতেই হয়েছে। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই দুজন সংবাদ সম্মেলন করেন বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে।
গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উঠে আসে নানা বিষয়গুলোকে মিথ্যা বলে দাবি করলেন নাসির, ‘আমি তামিমাকে চিনি চার থেকে সাড়ে চার বছর ধরে। সে আমার খুব ভালো একজন বন্ধু ছিল। তারপর আমাদের প্রেম এবং বিয়ে করি। আমরা আইনগতভাবে ইসলামী শরিয়াহ মেনে সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমাদের মনে যদি কিছু থাকতো, এভাবে ধুমধাম করে বিয়ে করতাম না। আমরা সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করেছি। তামিমার আগে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে। সব জেনেই তাকে বিয়ে করেছি। ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি।’
মামলার বিষয়ে নাসির কিছু জানেন না বলে দাবি করছেন। তবে স্ত্রীকে নিয়ে তার ভাষ্য, ‘হ্যাঁ, ও ছোটবেলায় ভালোবেসেছিল, তাকে বিয়ে করেছিল, এটা করতেই পারে। তো এখন তার কি সুখে থাকার অধিকার নেই? অবশ্যই আছে। আমিতো ওকে খুব ভালোভাবেই চিনি। আমি সব জেনেই ওকে গ্রহণ করছি।’
স্ত্রীর বিরুদ্ধে খারাপ কোনও কথা উঠলে নাসির দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। নাসির বলেন, ‘রাকিব সাহেব যেসব বলেছেন সেসব ঠিক না। আগে তামিমা উনার ছিল, এখন তামিমা আমার। আমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে কাউকেই ছাড় দিবো না এবং সেটা আইনের মাধ্যমে।’
প্রসঙ্গত, ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসেন নাসির। রাজধানীর উত্তরায় বিয়ের অনুষ্ঠানিকতা সারেন তিনি।

