অস্ট্রেলিয়ায় গুগল-ফেসবুকের জন্য নতুন আইন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:১০
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে অর্থ দেওয়ার বিধান রেখে গুগল-ফেসবুকের জন্য আইন পাস করেছে অস্ট্রেলিয়া। এএফপির খবরে বলা হয়, নিউজ কন্টেন্ট প্রকাশের বিনিময়ে অস্ট্রেলিয়ার এই আইন পাসের ঘটনাকে গুগল-ফেসবুকের বিরুদ্ধে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এমন আইন বিশ্বে এই প্রথম। এখন অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারবে। এরই মধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস হয়। নতুন এই আইনের কারণে গুগল-ফেসবুক তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অর্থ দিতে বাধ্য থাকবে।
প্রসঙ্গত, প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল গুগল এবং ফেসবুক। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় সব নিউজ কন্টেন্ট প্রকাশ বন্ধ করে দেয় ফেসবুক। পরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে তাদের সমঝোতা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সমঝোতার পরিপ্রেক্ষিতে ফেসবুক ফের নিউজ কন্টেন্ট প্রকাশের সিদ্ধান্ত নেয়।

