জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৩ দিনের আল্টিমেটাম
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:১৫
শাহবাগের জমায়েত থেকে পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়ে বিক্ষোভ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান পরীক্ষাগুলোর নতুন রুটিনের দাবি বাস্তবায়নের জন্য তিনদিনের আলটিমেটাম দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ওই জমায়েত থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছে বলে জানায় পুলিশ।
এর প্রতিবাদে দুপুরে শিক্ষার্থীরা শাহবাগ থানার ফটকের পাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা সোয়া একটার দিকে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদের নেতৃত্বে একদল পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেন। ওই সময় আরও কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

