কাশিমপুর কারাগারে লেখক মুসতাকের মৃত্যু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৩০
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দি লেখক মুসতাক আহমেদ মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুসতাক আহমেদ। এ সময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুসতাক আহমেদকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ১১/২৫(১)(খ)/৩১/৩৫ ধারায় মামলা রুজু ছিল। ২০২০ সালের আগস্ট মাস থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।’
উল্লেখ্য, গত বছরের ৫ মে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মুশতাককে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা র্যাবের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর দফায় দফায় জামিন আবেদন করলেও বারবারই তা নাকচ হয়েছে। সবশেষ বুধবারও (২৪ ফেব্রুয়ারি) তার জামিন আবেদন নাকচ করেন আদালত। গত বছরের আগস্ট থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

