পুঁজিবাজার এখন খুবই ভালো করছে: বিএসইসি চেয়ারম্যান
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:১৫
“পুঁজিবাজার এখন খুবই ভালো করছে। পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই। অল্পদিনের মধ্যেই পুঁজিবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে শুরু করবে।” বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই বাংলাদেশের সোস্যাল, ইকোনমিক ডেভোলপমেন্টের কথা তুলে ধরছি। এই উন্নয়নে সরকারের পাশাপাশি ছোট বড় সকল প্রতিষ্ঠানের অবদান রয়েছে।’
‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯’ এর জন্য প্রাথমিকভাবে ব্যাংক ও আর্থিক খাত’সহ ১৫টি খাতের ১৪২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। যেখান থেকে যাচাই-বাচাইয়ের মাধ্যমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিনটি ক্যাটাগরিতে ৫২টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আইসিএমএবির কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যেই ২০০৭ সাল থেকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে আইসিএমএবি।

