প্রসূতির মৃত্যু: ডা. জাফরুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ এপ্রিল

প্রসূতির মৃত্যু: ডা. জাফরুল্লাহসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ এপ্রিল
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:৩৩

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার নতুন করে এ তারিখ ধার্য করেন।

২০২০ সালের সেপ্টেম্বরে এ ঘটনা ঘটলেও গত বছরের ১৭ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলার বাদী ও মৃত প্রসূতির স্বামী মো. এস এ আলম সবুজ। তার বাড়ি সাভারের রাজফুলবাড়িয়ার ভাউলিয়া পাড়া গ্রামে।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, গত সেপ্টেম্বরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু ঘটে। পরে বিষয়টি নিয়ে তারা আইনি ব্যবস্থা নিতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি আপস করার কথা বলা হয়। ডা. জাফরুল্লাহ নিজেও ঘটনাটি আপস করার কথা বলেন। এরপর দফায় দফায় উভয়পক্ষের মধ্যে কথা হলেও আপস হয়নি।

বাদীর অভিযোগ, শেষ পর্যন্ত গণস্বাস্থ্য হাসপাতাল ঘটনাটি আপস না করলে তিনি ধানমন্ডি থানায় মামলা দায়ের করতে গিয়েছিলেন। থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি আদালতে মামলার আবেদন করেন।

মামলায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডা. জাফরুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন ও সেবিকা শংকরী রানী সরকারকে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading