চোর-ডাকাত ছিনতাইকারীদেরও অধঃপতন!
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ১২:৩৮
ভিক্ষুকের টাকাও ছিনতাই হয়! অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায়।
সোমবার (১ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছিনতাইয়ের শিকার ভিক্ষুক মহেলা বেগম (৭৫) দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন। সারা দিন ভিক্ষা করে সোমবার বিকালে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকাগুলো গুনছিলেন। এমন সময় দুইজন তরুণ তাকে কিল-ঘুষি মেরে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মহেলা বেগম বলেন, ‘আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কী করবো। আমার চিকিৎসা কীভাবে হবে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।’

এ ব্যাপারে সদর থানার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, পেশাদার চোর ডাকাত ছিনতাইকারীরা ভিক্ষুকের টাকা ছিনিয়ে নিয়েছে সাধারণত এরকমটি শোনা যায় না। তবে ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ নিয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনতাজুল হক গণমাধ্যমকে বলেন, এটাকে অপরাধের নতুন মাত্রা আর অপরাধীদের আরেকধাপ অধঃপতন বলা যায়। সাধারণত ভিক্ষুকরা তাদের সামান্য আয় উপার্জন নিয়ে ঠাকুরগাঁওয়ের মতো শান্তিপূর্ণ শহরে অনিরাপদ এটা আমরা কেউই ভাবতে অভ্যস্ত নই। আইন শৃঙ্খলা বাহিনীসহ অপরাধ দমন বিভাগকে এখন এ ধরনের অপরাধ নিয়েও ভাবতে হবে। অপরাধের কারণ ধরন আর অপরাধীদের প্রকৃতি নিয়েও কাজ করার সময় এসেছে।

