রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ মে, ২০২৬, আপডেট ১৫:৫৫

বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা এবং নিম্নস্তরের সিগারেটের মূল্য বাড়ানোর দাবিসহ পাঁচ দফা দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি শ্রমিকরা।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। বৃহত্তর রংপুর অঞ্চলসহ সারাদেশে ১৮ লক্ষ সুবিধা বঞ্চিত শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই শিল্পকে ধ্বংস করতে বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে। ফলে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা অসংখ্য কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে।

বক্তারা আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বাজেটে যখন বিড়ির ওপর কর বাড়ানোর প্রস্তাব আসত, তখন তিনি স্পষ্টভাবে বলতেন, বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদের বিনোদনের উপায় খুব সীমিত। তাই বিড়ির ওপর ট্যাক্স বাড়িয়ে তাদের ওপর চাপ বাড়ানো যাবে না। সুতরাং বর্তমান সরকারও বিড়ি শিল্প ও শ্রমিকদের কর্মরক্ষার্থে আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধি করবেন না বলে আমরা আশা করছি।’

শ্রমিকরা আরো বলেন, ‘বর্তমানে দেশের টোব্যাকো মার্কেটের ৮০ শতাংশ দখল করে আছে নিম্নস্তরের সিগারেট। তাই বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি। এছাড়া নানাবিধ প্রতিকূলতার মাঝে টিকে থাকা বিড়ি শিল্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নকল বিড়ি। নকল বিড়িতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করতে হবে।’

বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। আরো বক্তব্য দেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শ্রমিকদের হাতে হাতে “নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ করো করতে হবে, দেশীয় শিল্প রক্ষা করো, বিএটির পণ্য বর্জন করো, বহুজাতিক বেনিয়া হটাও বিড়ি শ্রমিক বাঁচাও, বিড়ি শিল্পের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফুসফুস পড়ায় এদেশে টাকা পাচার করে বিদেশে”সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading