টিকা না নিলে এবার মিলবে না হজের অনুমতি
উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৫৫
‘এ বছর যারা হজ করতে আগ্রহী, তাদের আগেই কোভিড-১৯ এর টিকা নেওয়া থাকতে হবে। এটা হবে এবার হজে যাওয়ার অনুমতির ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত।’ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত সোমবার এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের সময় মক্কা ও মদিনায় যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবেন আগে থেকেই তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য হজ এবং উমরার সময়ে অবশ্যই একটি টিকা কমিটি গঠন করতে হবে যাতে এই সময়ে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক টিকা দেয়া নিশ্চিত করা যায়। অন্যদিকে, করোনাভাইরাসের টিকা যারা নিয়েছেন এবছর কেবল তাদেরই হজে যাওয়ার অনুমতি দেবে সৌদি আরব সরকার।
এদিকে মঙ্গলবার সৌদি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদুল্লাহ আলী বলেছেন, যারা ইতোমধ্যে করোনা টিকা নিয়েছেন এবং তাদের মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় তবে সেসব লোকেদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতবছর মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। মহামারীর কারণে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও গতবছর সীমিত আকারে পালিত হয়। অন্যবছর যেখানে ২০ লাখের বেশি মানুষ হজ করতে মক্কায় সমবেত হয়, সেখানে গত বছর সব মিলিয়ে হজ করতে পেরেছেন হাজার খানেক মানুষ। সৌদি আরবের বাইরে থেকে গিয়ে কেউ হজ করার অনুমতি পাননি।

