সড়কে আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে পারবে ট্রাফিক পুলিশও

সড়কে আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে পারবে ট্রাফিক পুলিশও

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ০৮:৫৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের ১শ’ সদস্য প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সনদ পেয়েছেন।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৩ মার্চ) এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের ১শ’ পুলিশ সদস্য ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কোর্স সম্পন্ন করায় আজ সকালে ডিএমপি সদরদপ্তরে প্রশিক্ষণার্থীদের মাঝে এই সনদপত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো: মনিরুল ইসলাম ।
সনদপত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, ট্রাফিক পুলিশের দ্রুত সাড়া প্রদানকারীদের প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেয়ার জন্য আমি আইসিআরসিকে ধন্যবাদ জানাই। এই প্রশিক্ষণের ফলে সড়কে যে কোন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারবে ট্রাফিক পুলিশের সদস্যরা।
তিনি বলেন, এই প্রশিক্ষণের ফলে তারা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য আইসিআরসির দেয়া বিভিন্ন সরঞ্জাম সড়কে আহত ব্যক্তিদের সেবায় কাজে আসবে।
আইসিআরসির হেড অব অপারেশন ডেভিড মন্তেস বলেন, আমরা বাংলাদেশে দুর্ঘটনার পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানকারীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করে আসছি। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে তারা যেন মানুষের জীবন রক্ষা করতে এবং বাঁচাতে সক্ষম হয় সেটিই আমাদের প্রত্যাশা।
সিটিজেন সার্ভিস সেন্টার প্রচারাভিযানের ক্যাম্পেইনের আওতায় ডিএমপি ও ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস (আইসিআরসি) এর যৌথ ব্যবস্থাপনায় রাজারবাগ ট্রাফিক ব্যারাক কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
তিন সপ্তাহ ব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কোর্সের কার্যক্রম গত ৯ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে গতকাল ২ মার্চ শেষ হয়।
এ প্রশিক্ষণে মতিঝিল ট্রাফিক বিভাগের কনস্টেবল হতে ইন্সপেক্টর পর্যন্ত মোট ১শ’ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার ও ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading