সীমান্ত হত্যা দুঃখজনক: ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:৪৬
বাংলাদেশ-ইন্ডিয়া সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও সমস্যার বাস্তব সমাধানে কাজ করার কথা বলেছেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ঢাকা পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জয়শঙ্কর বলেন, ‘প্রকৃতপক্ষে হত্যাকাণ্ড ইন্ডিয়ার মধ্যে সংঘটিত হয়ে থাকে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করেছি, সমস্যার মূল কারণ কী এবং এটি হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড।’
তিনি বলেন, আমাদের দু’পক্ষের লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে হত্যাকাণ্ড না হয়। আমার ধারণা আমরা দু’পক্ষ এই সমস্যার সমাধান করতে পারবো।
এসময় অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে জানতে চাইলে সংক্ষিপ্ত উত্তরে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানি নিয়ে ভারত সরকারের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। এটি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই পানি সচিব পর্যায়ে বৈঠক হবে।
দুই দেশের সম্পর্ক নিয়ে সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক রূপান্তর হচ্ছে। এ জন্য আমাদের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলো অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়েও কথা হয়েছে। সম্প্রতি আমাদের মধ্যে যে অগ্রগতি হয়েছে, সেটি পর্যালোচনা করেছি।’
তিনি বলেন, তার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক, সংযুক্তি (কানেকটিভিটি) ও মানুষে মানুষে যোগাযোগের বিপুল সম্ভাবনা রয়েছে।

