ধর্ষিতার পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে লিখিত আদেশ

ধর্ষিতার পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে লিখিত আদেশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৪০

ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীর ছবি ও নাম-পরিচয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীর ছবি, নাম, পরিচয়, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ অনান্য পরিচয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের স্বাক্ষরের পর লিখিত এ আদেশ প্রকাশ করা হয়। এই নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তা তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে জানাতে বলেছেন আদালত।
এর আগে, গত ৮ মার্চ ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীর ছবি, নাম, পরিচয়, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ অনান্য পরিচয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুননি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
গত ১৯ জানুয়ারি ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এ রিট দায়ের করেন।
এর আগে, একটি ইংরেজি দৈনিকে ধর্ষণের শিকার এক শিশুর ছবি প্রকাশ করা হয়। ওই ছবি প্রকাশে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইনের সংস্পর্শে আসা কোনো শিশুর ছবি বা পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading