টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৪০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এসময় তাঁর সঙ্গে ছিলেন।
পুষ্পস্তবক অর্পনের পর বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।
তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।

