পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ১০:২৮

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) সকাল ৭টায় এ ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় আরো ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৯ এপ্রিল অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণের কথা রয়েছে।

প্রথম দফায় ৩০ আসনে ভোটগ্রহণ হচ্ছে। ৫টি জেলার মধ্যে শনিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ার সবকটি আসনেই ভোটগ্রহণ চলছে। বাকি তিন জেলায় আংশিক। পুরুলিয়ায় ভোটগ্রহণ হচ্ছে জেলার ৯টি আসনে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ছয়টি এবং পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ হচ্ছে বাঁকুড়ার চারটি আসনে। ইন্ডিয়ান গণমাধ্যমের খবরে এসব তথ্য জানা গেছে।

খবরে আরও বলা হয়, রাজনৈতিক হিসেবে প্রথম দফার ৩০টি আসন খুবই গুরুত্বপূর্ণ। এই আসনগুলোর মধ্যে ২০১৬ সালের নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি। কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরিখে ২০টিতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার বান্দোয়ান, বলরামপুর, জয়পুর, মানবাজার, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর- এই সাতটি বিধানসভা কেন্দ্রেই জিতেছিল তৃণমূল। কংগ্রেস জিতেছিল বাঘমুণ্ডি ও পুরুলিয়া কেন্দ্র দুটি। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে দেখা যায়, একমাত্র মানবাজার ছাড়া বাকি সব বিধানসভা কেন্দ্রেই এগিয়ে বিজেপি।

একইভাবে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি ও মেদিনীপুর – সবকটি কেন্দ্রে তৃণমূল জয়লাভ করলেও ২০১৯-এ খড়্গপুর ও শালবনি ছাড়া বাকি কেন্দ্রগুলোতে এগিয়ে যায় বিজেপি।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার শালতোড়া, রানিবাঁধ ও রাইপুরে জয়লাভ করে তৃণমূল। ছাতনায় জেতে বাম শরিক আরএসপি। ২০১৯ সালে তাদের সবাইকে ছাপিয়ে ওই চার কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি। ২০১৬ সালে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, রামনগর এবং এগরায় জয়লাভ করে তৃণমূল। ২০১৯ সালে এরমধ্যে শুধুমাত্র এগরাতেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। এখন তিনি বিজেপিতে।

২০১৬ সালে ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম; এই চার বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করে তৃণমূল। ২০১৯ সালে একমাত্র বিনপুর ছাড়া বাকি তিনটি কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি। শনিবার ভোটগ্রহণ পর্বে তাই বিজেপি-র লক্ষ্য থাকবে লোকসভা নির্বাচনের ধারা জিইয়ে রাখা। অন্যদিকে, তৃণমূলের লক্ষ্য হারানো জমি পুনরুদ্ধার। এদিকে এ নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সহিংসতার খবরও জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading