সোম ও মঙ্গলবার বিএনপির বিক্ষোভ
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ২০:১০
স্বাধীনতা দিবসের দিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের জেরে নিহত, আহত ও আটকের প্রতিবাদে আগামী সোমবার (২৯ মার্চ) ও মঙ্গলবার (৩০ মার্চ) বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি। সোমবার ঢাকাসহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মঙ্গলবার সকল জেলা সদরে বিক্ষোভ করবে দলটি।
শনিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে একদিকে যখন জনগণ মহান স্বাধীনতার দিবস পালন করছে, তখন অপরদিকে এই অবৈধ সরকার তার পুলিশ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে রাজপথে রক্ত ঝরিয়েছে। গত ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে জুমার নামাজের পর বায়তুল মোকাররমে একটি সংগঠনের শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় প্রায় ২ শতাধিক তরুণ মারাত্মকভাবে গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। এর প্রতিবাদে হাটহাজারীতে শান্তিপূর্ণ মিছিলের ওপরে পুলিশের নৃশংস হামলা ও নির্বিচারে গুলি চালালে কমপক্ষে চার জন নিহত ও অসংখ্য আহত হয়েছেন। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় এক জন নিহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মিছিল, সমাবেশ, সভা অনুষ্ঠান করা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার।’
উল্লেখ্য, গত ২৪ মার্চ দেশে করোনা পরিস্থিতিতে আগামী ৩০ মার্চ পর্যন্ত দলের সুবর্ণজয়ন্তীর সকল কর্মসূচি স্থগিত করে বিএনপি।

