সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে আগুন, নিহত ১
উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:১৭
সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২৮ মার্চ) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, হাটিকুমরুল থানার ওসি শাহজাহান আলী।
নিহত ট্রাক চালক মদন চৌহান (৪৫) বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিল। পথে ট্রাকটির সামনে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কাপড় বোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। “এ সময় দুটি ট্রাকের ইঞ্জিন থেকে কেবিনে আগুন লেগে যায় এবং মুরগির খাদ্য বোঝাই ট্রাকটির চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

