৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ২২:১৩

ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পুনরায় চালু হয়েছে। এর মাধ্যমে আবারো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি পুনরায় উৎপাদনে আনা হয়।

বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্র কর্তৃপক্ষ আশা করছে, ধীরে ধীরে উৎপাদন আরো বাড়ানো সম্ভব হবে।

গত ২৫ এপ্রিল বয়লারের একটি পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় চালু করা হয়েছে।

২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরো একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত করা হয়। তবে বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় নিয়মিত উৎপাদন বজায় রাখতে পারেনি।

কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী জানান, প্রথম ইউনিট চালুর পাশাপাশি ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কাজ চলছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান আশা করছে, আগামী ১৫ মের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading