আলহামদুলিল্লাহ! আব্বার করোনা নেগেটিভ এসেছে: কাজী মারুফ
উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:০০
করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও গল্পকার কাজী হায়াৎ। বর্তমানে তার অক্সিজেন লেভেল স্বাভাবিক।
রবিবার (২৮ মার্চ) গনমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।
কাজী মারুফ বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা এখন ভালো। আলহামদুলিল্লাহ! করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়েছে, তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। চিকিৎসক ছাড়পত্র দিয়েছেন। বাসায় নিয়ে এসেছি। এখন বিশ্রাম নিতে হবে। সবাই আব্বার জন্য দোয়া করবেন।’
কাজী হায়াৎ গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ।
এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।

