মিয়ানমারে সামরিক জান্তা ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে: আমেরিকা
উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:৩০
মিয়ানমারের জান্তা সরকার ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে আমেরিকা। রবিবার (২৮ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অভিযোগ করেছেন।
তিনি বলেছেন, ‘সেনাবাহিনী সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। কিছু সংখ্যক মানুষের ভোগের জন্য জনগণকে আত্মত্যাগ করতে হচ্ছে।’
ব্লিঙ্কেন বলেন, শনিবার মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষকে হত্যার ঘটনাটি ‘ভয়াবহ’।
শনিবার মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ১১৪ জন নিহত। রবিবার এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্বের ১২টি দেশের প্রতিরক্ষা প্রধান। তারা বলেছেন, ‘পেশাদার সামরিক বাহিনী তাদের আচরণে সবসময় আন্তর্জাতিক মান অনুসরণ করে এবং যে জনগণের সেবার জন্য নিয়োজিত তাদের ক্ষতি নয় বরং সুরক্ষার জন্য তারা দায়বদ্ধ।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে জানা যায়, সামরিক ‘হত্যাকাণ্ডে’ শিশুরাও রেহাই পায়নি।

