১০ এপ্রিলের মধ্যেই বৈশাখী ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৫০
নববর্ষকে আনন্দমুখর করতে কয়েক বছর ধরে বৈশাখী ভাতা দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে বৈশাখী ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অর্থবিভাগের উপসচিব (সিনিয়র সচিবের একান্ত সচিব) মো. হেলাল উদ্দীন।
তিনি বলেন, ‘বৈশাখী ভাতা বেতনের সঙ্গে দেয়া হবে না, উৎসব ভাতা-বৈশাখী ভাতা আলাদাভাবেই দেয়া হয়। এপ্রিলের শুরু থেকে ১০ তারিখের মধ্যেই ভাতার টাকা দেয়া হবে। যেহেতু এখন অনলাইন সিস্টেম, এই ভাতার বিল প্রথমে সাবমিট করতে হবে। বিল সাবমিট করার পর অ্যাকাউন্টস অফিস পাস করবে, পাস করলেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এই বিলটি এপ্রিলের ১ থেকে ১০ তারিখের মধ্যেই দেয়া হবে। বৈশাখের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ভাতা পাবেন।’
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈশাখী ভাতার আলাদা কোড আছে। ১৪ এপ্রিলের আগেই বিল করে সাধারণত বিলটি তোলা যায়। তবে বিল সাবমিট করার পর অ্যাকাউন্টস বিভাগ থেকে তা পাস করার পরই বিলটি পাওয়া যায়। গত বছরও ১০ এপ্রিল বৈশাখী ভাতা পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

