উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় জড়িত বিএনপি: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:০০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে চলমান সহিংস ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ত। এমনকি দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো পরিষ্কার।
সোমবার (২৯ মার্চ) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২/৩ দিনের তাণ্ডবে তাদের (বিএনপির) উসকানি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে, তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকানি দিচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীতের ধারাবাহিকতায় প্রমাণ করেছে যে, হত্যা, সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারও প্রমাণ হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা রুখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান। এছাড়াও এ সকল দেশবিরোধী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

