করোনার নতুন ধরণটি দেশে সংক্রমণ বাড়াচ্ছে: প্রযুক্তিমন্ত্রী
উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ২০:০০
করোনাভাইরাসের নতুন ধরণটি সংক্রমণ বাড়াচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে সরকারের আন্তরিকতার পাশাপাশি জনগণের সহযোগিতাও জরুরি।’
সোমবার (২৯ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের ৫০ বছর: বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশ (এআরবি) এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আমরা নিরাপত্তার দিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। এর যে সর্বশেষ প্রযুক্তি, কোর ক্যাচার সেটা আমরা বসিয়েছি। সমস্যা দেখা দিলেও তাতে কোনো ক্ষতি হবে না এই কোর ক্যাচারের কারণে।’
ইয়াফেস ওসমান বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে যখন চুক্তি হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। এই প্রযুক্তিতে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু এমন ভালো একটা কাজ আমরা চাই, যাতে বিশ্বকে বলতে পারি, আমাদের পরীক্ষিত বন্ধু রাশিয়া এ কাজটি করে দিয়েছে। তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন, একটা ভালো কাজ করে দেওয়ার আগ্রহ আমারও আছে। তাই তিনি নিয়মিত আমাদের এই প্রকল্পের খোঁজ-খবর রাখেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রকল্পের বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ১৯টি গাইডলাইন আছে, সেগুলো মেনে, পদে পদে অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আইএইএ সেটা নিয়মিত পর্যবেক্ষণ করছে। এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরই বঙ্গবন্ধু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করার পদক্ষেপ নিয়েছিলেন। তাকে এ দেশের কতগুলো গাদ্দারের হাতে জীবন দিতে হয়েছিলো। বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা ছিলো বিজ্ঞানভিত্তিক। তার পথ অনুসরণ করেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। আজকে শেখ হাসিনা যেটা বাস্তবায়ন করছেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে ২০ বছর আগেই এসব হয়ে যেতো।’

