সিলেট স্কোয়াডের ৬ ক্রিকেটার করোনা আক্রান্ত

সিলেট স্কোয়াডের ৬ ক্রিকেটার করোনা আক্রান্ত

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১১:৩০

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছে সিলেট বিভাগ। তবে সোমবার শুরু হওয়ার ম্যাচটির একাদশ দাঁড় করাতেই গলদঘর্ম অবস্থা সিলেটের ম্যানেজমেন্টের। মাঠের ১১ জনের বাইরে আর কোনো ক্রিকেটার এই মুহূর্তে নেই সিলেটের স্কোয়াডে। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন একজন ক্রিকেটার, নতুন করে শনাক্ত হয়েছে দলটির আরও ৫ ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনে গত বৃহস্পতিবার সিলেটের পেসার ইবাদত হোসেনের কোভিড শনাক্ত হওয়ার খবর জানা যায়। তার জায়গায় সেদিন যিনি মাঠে নেমেছিলেন, সেই রেজাউর রহমান রাজাও এখন আক্রান্ত।

পাশাপাশি অধিনায়ক অলক কাপালী, সৈয়দ খালেদ আহমেদ, ইমতিয়াজ হোসেন ও তৌফিক খানের শরীরেও কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। তারা সবাই খেলেছেন প্রথম রাউন্ডে। সিলেট দলের কোচ রাজিন সালেহ গণমাধ্যমকে জানান, দুই দফায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এই ৬ ক্রিকেটার। “এই মুহূর্তে আমার হাতে মাঠের ১১ জন ছাড়া আর কোনো খেলোয়াড় নেই। প্রথম দফায় তিন জন আক্রান্ত হয়। পরে আরও তিন জনের পজিটিভ ফল এসেছে। সবাই আইসোলেশনে আছে।”

চলতি জাতীয় লিগে কোভিড বিপত্তির শেষ নয় এখানেই। রংপুরের সিভিল সাজর্ন ডাক্তার হিরোম্ব কুমার রায় নিশ্চিত করেছেন, রংপুর দলের চার ক্রিকেটার আক্রান্ত। তবে ক্রিকেটারদের নাম নিশ্চিত করতে পারেননি তিনি।

রংপুর ক্রিকেট গার্ডেনে সোমবার থেকে শুরু হওয়া খুলনার বিপক্ষে রংপুরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের মধ্যে খেলছেন না অধিনায়ক আকবর আলি, নাঈম ইসলাম ও আলাউদ্দিন বাবু। প্রথম রাউন্ডে খেলেছিলেন তিন জনই। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading