রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ মারামারি: নিহত ১
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১২:১৩
রাজধানীর সূত্রাপুরে দুই দল কিশোরের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরেকজন। সোমবার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে সূত্রাপুরের ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি মুহাম্মাদ মামুনুর রহমান।
তিনি বলেন, “এ ঘটনায় জড়িত ৬ জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ১৮ বছরের কম।” নিহত কিশোর গেণ্ডারিয়ার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল; তার বাসা মিল ব্যারাকে কাজীটোলায়।
ওসি মামুনুর রহমান বলেন, নিহত ওই স্কুলছাত্র স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। কয়েকদিন আগে তারা ওয়ারী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আরেকটি ‘কিশোর গ্যাংয়ের’ এক সদস্যকে মারধর করে। তখন সেটা বেশিদূর গড়ায়নি। কিন্তু শবে বরাতের রাতে দুই গ্রুপ ফরাশগঞ্জ ঘাটে আবার কথা কাটাকাটিতে জড়ায়। সে সময় ওয়ারীর ছেলেদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গেণ্ডারিয়ার দুজন আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এদের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানান ওসি মামুনুর রহমান।

