যশোরে ট্রেনে কাটা পড়ে ভূমি অফিস সহকারী নিহত
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৪৭
ট্রেনে কাটা পড়ে যশোরের অভয়নগরে মোটরসাইকেল আরোহী এক ভূমি অফিস সহকারী নিহত হয়েছেন। নিহত চঞ্চল হোসেন (৩৫) জেলার শার্শা ভূমি কার্যালয়ের সহকারী। সদর উপজেলার হামিদপুর গ্রামের আতিয়ার মোল্লার ছেলে তিনি।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে শার্শা উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় বালিয়াডাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় তিনি নিহত হন বলে যশোর রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চঞ্চল হোসেন।
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মো. মহসীন রেজা বলেন, মোটরসাইকেলে করে রেলক্রসিং পার হচ্ছিলেন চঞ্চল। এ সময় ট্রেন আসলে তিনি কাটা পড়ে নিহত হন। মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

