ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় নেই: অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:১২
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় নেই। আমরা ভ্যাকসিনের জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। ভ্যাকসিন না পাওয়ার কারণ নেই, আমরা পাব।’
বুধবার (৩১ মার্চ) দুপুরে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী।
বর্তমান পরিস্থিতিতে অফিস-আদালত বন্ধের কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের কাজ চলমান। এখানে কিছু বিষয়কে সামনে রেখে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব।
‘এরই মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদক্ষেপগুলোর বিষয়ে জানিয়েছেন। সেই পদক্ষেপগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি মনে করি করোনা সংক্রমণ কমে আসবে।’ যোগ করেন অর্থমন্ত্রী।

