জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু
জাতীয় সংসদ ভবন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১১:৫৭

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন বেলা ১১টায় শুরু হয়।

চলমান করোনাভাইরাস মহামারীর মধ্যে অন্য অধিবেশনগুলোর মত এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। অন্য অধিবেশনগুলোর মত এবারও সংসদ সদ্যসরা তালিকা অনুযায়ী বৈঠকে যোগ দেবেন।

অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আব্দুল কুদ্দুস, মৃণাল কান্তি দাশ, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক চুন্নু এবঙ শাহাদারা মান্নান । স্পিকার- ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুরের এমপি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিষয়টি স্পিকার সংসদকে অবহিত করেন। গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সদস্য পদ বাতিল করে সংসদ। সংসদ অধিবেশনে বিষয়টি জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। চলতি সংসদের সদস্য সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আমানউল্লাহ, সাবেক সংষদ সদস্য তোয়াবুর রহিম, আব্দুল মজিদ মণ্ডল, মুনসুর আহমেদ, মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার, ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক শাহীন রেজা নূর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক বিচারপতি আব্দুল হাই, সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের মা জাহান আরা চৌধুরী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম, অভিনেতা এটিএম শামসুজ্জামান, অভিনেতা মুজিবুর রহমান দিলু, নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জেএস পিশোতোর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় সংসদে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মারা গেছেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করে সংসদ। রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের মৃত্যুতেও সংসদে শোক প্রকাশ করা হয়।

চলতি সংসদে সিলেট-৩ আসনের সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী গত ১১ মার্চ মারা যান। চলমান সংসদের কোনো আইনপ্রণেতা মারা গেলে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবির রেওয়াজ রয়েছে।

এদিকে এই সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ মার্চ রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া স্মরণীর সংযোগস্থল থেকে পুরাতন নরম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিমপ্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও সব গলিপথ।

একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading