এপ্রিলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ০২:২০
চলতি মাসে তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার(০১ এপ্রিল) অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ৩-৬ দিন কালবৈশাখী এবং মাসের শেষার্ধে উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। গেল ২১-২৯ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
আরও জানা যায়, বৃহস্পতিবারও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

